আপডেট: জানুয়ারি ৮, ২০২০

আপডেট:

ঠাকুরগাঁও প্রতিনিধি
স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল স্বামী মো. রফিকুল ইসলামকে (২৭) কারাগারে পাঠিয়েছেন ঠাকুরগাঁও আদালত।
পুলিশ কনস্টেবল মো. রফিকুল ইসলাম বুধবার (৮ জানুয়ারি) ঠাকুরগাঁও আদালতে জামিন নিতে হাজির হলে বিজ্ঞ বিচারক ড. আব্দুল মজিদ জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ক্ষুদ্র মাছ খুড়িয়া গ্রামের দারাজুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম। সে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। রফিকুল ইসলাম ২০১৬ সালের ২৩ মার্চ পাশের গ্রাম নাগেশ্বরবাড়ির হাফিজত আলীর মেয়ে মোছা. রাশেদা খাতুনকে সাড়ে আট লাখ টাকা দেন মহরানায় বিয়ে করে।
পরিবারের লোকজনের মতের ভিত্তিতে আনুষ্ঠানিক বিয়ের পর দাম্পত্য জীবন ভালোই চলছিল তাদের। পরবর্তীকালে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম তার স্ত্রী রাশেদাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা আনতে বলে। এতে রাজি না হলে পুলিশ কনস্টেবল তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল।
বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে কয়েকবার সামাজিক সালিস বৈঠক করা হয়। কিন্তু তাতেও পুলিশ কনস্টেবল রফিকুল যৌতুকের পাঁচ লাখ টাকা ছাড়া স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে চলে যায়। এতে উপায় না পেয়ে স্ত্রী রাশেদা যৌতুকের দাবিতে তাকে নির্যাতনসহ ভরণপোষণ না দেওয়ার অভিযোগে গত বছরের ৭ অক্টোবর স্বামী ও তার পরিবারের সদস্যসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত সাপেক্ষে আদালতে শুনানির পর বিজ্ঞ বিচারক পুলিশ কনস্টেবল রফিকুলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার জামিন নিতে আসলে তাকে কারাগারে পাঠায় আদালত।