আপডেট: জানুয়ারি ১৭, ২০২০

আপডেট:

কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (চট্টগ্রাম প্রতিনিধি)
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম পরিচালিত দেশের প্রথম আবৃত্তি স্কুল বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ত্রয়ঃপঞ্চাশত্তম (৫৩তম) আবর্তনের নবীন বরণ আজ চট্টগ্রাম সিটি সি.ক মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।এতে সম্মানিত অতিথি হিশেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত, চট্টগ্রাম বেতারের নাট্য প্রযোজক ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজন মাঈনুদ্দীন কোহেল, বোধনের প্রতিষ্ঠাতা এডভোকেট সুভাষ বরন চক্রবর্তী।অনুষ্ঠান সভাপতিত্ব করেন বোধনের সহসভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস।অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পথ চলার চৌত্রিশ বছরের ইতিহাস এবং বোধন আবৃত্তি স্কুলের প্রয়াত অধ্যক্ষ মৃণাল সরকার, অধ্যক্ষ রণজিৎ রক্ষিত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঞ্চানন চৌধুরী’র অবদান তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বোধনের সহ সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী।বোধনের জন্মলগ্নের সংগ্রাম আর সৃষ্টিকথা নবীনদের মাঝে তুলে ধরেন বোধনের প্রতিষ্ঠাতা এডভোকেট সুভাষ বরন চক্রবর্তী। নাট্যজন মাঈনুদ্দীন কোহেল বলেন, শিশুকাল থেকে ভাষার শুদ্ধতা নিয়ে কাজ করলে যে কোনো ব্যক্তির মধ্যেই সর্বক্ষেত্রে সুন্দর ভাবে কথা বা বক্তব্য উপস্থাপন করা এবং জ্ঞানের পরিধি অনায়াসে বৃদ্ধি করা সম্ভব। বোধন চট্টগ্রামে এই কাজটি করে যাচ্ছে যা এই অঞ্চলের মানুষের শুদ্ধ ভাষার ব্যবহারে অবদান রাখছে এবং তারা কাজটি চলমান রাখবে আমার বিশ্বাস।অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত বলেন বোধনের শ্লোগান “আঁধার ভেঙে আলোর বুনন “যে বাক্যের প্রতি তারা এখনো প্রতিশ্রুতিশীল এবং এখনও সেই লক্ষ্যে আজো তারা কাজ করে যাচ্ছে। চৌত্রিশে বোধন তারই প্রমাণ। তিনি শিক্ষার্থীদের তিনটি অ এর কথা স্মরণ রাখতে বলেন ” অনুভব, অনুরাগ, অনুশীলন ” যা ছাড়া কখনোই আবৃত্তি চর্চা সম্ভব নয়। অনুষ্ঠানে বোধনের শিশু বিভাগের শিল্পীরা বৃন্দ আবৃত্তি “বঙ্গবন্ধু অত:পর বাংলাদেশ ” পরিবেশন করে।এর গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন ইতু সাহা ও যশস্বী বনিক।এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।সভাপতির বক্তব্যে এডভোকেট নারায়ণ বিশ্বাস বলেন বোধন আবৃত্তি স্কুল বাংলাদেশের আবৃত্তি চর্চায় একটি যুগান্তকারী মাইলফলক হিশেবে কাজ করে যাচ্ছে যা প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাভাষার প্রমিত উচ্চারণকে করবে আরো সমৃদ্ধশালী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের শিক্ষার্থী জাবেদ আহমেদ, বিজেত্রী বসাক শায়ন্তী, রিমা চৌধুরী ও মিলি বিন্তে আমিন।উল্লেখ্য নবীনবরন অনুষ্ঠানটি ৫২ তম আবর্তনের শিক্ষার্থীদের সার্বিক কর্মযজ্ঞ দ্বারা পরিচালিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য সুজিত রায়,সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী,অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন,অর্থ সম্পাদক অসীম দাশ সহ সকল সদস্যবৃন্দ।বোধন আবৃত্তি স্কুলে ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।