আপডেট: আগস্ট ২০, ২০১৯

আপডেট:

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর তিনটায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম এ্যাটায়ার্স লিমিটেডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফতুল্লার একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফতুল্লা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটিতে অগ্নিনির্বাপক যন্ত্র থাকার কারণে এবং প্রতিষ্ঠানের লোকজনের তৎপরতায় আগুন তেমন একটা ছড়াতে পারেনি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদা বারিক, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, শিল্পপতি মোহাম্মদ আলী, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।