১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

পিআইবি’র উদ্যোগে ইবি সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

আপডেট: অক্টোবর ১৭, ২০১৯

  • Facebook Share
পিআইবি’র উদ্যোগে ইবি সাংবাদিকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

ইবি সংবাদদাতা
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মধ্যদিয়ে ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালাটি শেষ হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশ নেন।

সনদ প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন কর্মশালার সমন্বয়ক পিআইবি প্রতিবেদক জিলহজ উদ্দিন নিপুণ, বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাংবাদিক সমিতির সভাপতি ইমরান শুভ্র।

কর্মশালার শেষ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ সাক্ষাতকার ও ফিচার সংবাদের ধারণা, ধরণ ও প্রকরণ, লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির আইকিউএসি হলরুমে কর্মশালাটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় তার সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্র-উপদেষ্টা ও দায়িত্বে থাকা প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন।

উদ্বোধনী দিনে পিআইবি’র প্রতিবেদক জ্বিলহাজ উদ্দিন নিপুণ সংবাদের বৈশিষ্ট্য, উপাদান, কাঠামোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া দ্বিতীয় কর্মদিবসে নিউইয়র্কে টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক অনুসন্ধানী প্রতিবেদনের বৈশিষ্ট্য, বিভিন্ন ধরণ-প্রকরণ ও লেখার কৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করেন।