আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

আপডেট:

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে শীতের সাথে দেখা দিয়েছে শীতজনিত রোগ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ রোগী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. কাসেম আলী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন আরো শতাধিক রোগী।
জানা গেছে, ঘন কুয়াশায় লালমনিরহাটে শীতের প্রকোপ বেড়ে গেছে। বৃষ্টির মতো কুয়াশার সঙ্গে যুক্ত হয়েছে হিমেল হাওয়া। ফলে শীতে কাবু হয়ে পড়েছে মানুষসহ গৃহপালিত পশুপাখি।
এ অবস্থায় বিপাকে পড়েছে তিস্তা ও ধরলার চরাঞ্চলের ছিন্নমূল মানুষজন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হচ্ছে না। সবথেকে কষ্টে পড়েছেন বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীরা।
সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় খুব কম। এছাড়াও শিশুদের জন্য নেই শীতবস্ত্র। ফলে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে।
এদিকে, গত এক সপ্তাহে শীতজনিত কারণে প্রায় দেড়শ’ রোগী জেলা হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। যার অধিকাংশই শিশু ও বৃদ্ধ। এছাড়াও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী।
আদিতমারী হাসপাতালে ভর্তি শিশু জান্নাতির বাবা জাহাঙ্গীর আলম বলেন, ৩ দিন ধরে বমিসহ পাতলা পায়খানা করছে জান্নাতি। পল্লী চিকিৎসকদের দেওয়া চিকিৎসাপত্রে কোন কাজ না হওয়ায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ভর্তি করার পরামর্শ দেন।
রংপুর আবহাওয়া কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রংপুর অঞ্চলের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও লালমনিরহাটের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কার্যালয় তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সন্ধ্যায় আরও কমতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়া পর্যবেক্ষকরা। সব মিলিয়ে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে লালমনিরহাটসহ গোটা উত্তরাঞ্চলের মানুষ।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. কাসেম আলী বলেন, গত এক সপ্তাহে ডায়রিয়াসহ শীতজনিত রোগে ১২২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচটি হাসপাতালে ৩০ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শীতজনিত রোগের চিকিৎসার সব ধরনের ওষুধ হাসপাতালগুলোতে মজুদ রয়েছে।