আপডেট: জুলাই ১৯, ২০১৯

আপডেট:

বিশেষ প্রতিনিধিঃ
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৮ জুলাই) সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ঢাবি শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে দোয়েল চত্বর, শহীদ মিনার, কলা ভবন, ব্যাবসায়ী শিক্ষা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ প্রদক্ষিন করে রাজধানীর শাহবাগে অবস্থান করেন। এই সময়ে শাহবাগে এ্যামবুলেন্স ও জরুরী গাড়ি ব্যাতিত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। দুপুর দুইটা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রাখেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ থাকায় দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন আমাদের আন্দোলন সাত কলেজের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। তবে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আটকে রেখে ঢাবি শিক্ষার্থীদের কটুক্তি মূলক কথা বলে এবং তাদের হেনস্তা করে অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। আন্দোলনকারীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা আরো বলেন সাত কলেজ যখন আন্দোলন করেছিল তখন ঢাবি ভিসি এবং প্রক্টর দ্রুত তাদের কাছে ছুটে গিয়েছিল। কিন্তু তিনদিন আন্দোলন করেও এখনও ভিসি ও প্রক্টরের দেখা পাননি। ঢাবি ভিসি ও প্রক্টর আন্দোলকারীদের সাথে কোন প্রকার যোগাযোগ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীরা।
ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন ২০১৭ সাল থেকেই অধিভূক্তি বাতিলের আন্দোলন চলছে কিন্তু প্রশাসন এখনো কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করে নি। এটা ঢাবি প্রশাসনের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে তিনি মনে করেন সেই সাথে তিনি এই আন্দোলনের সাথে ঐক্যমত পোষন করেন এবং আন্দোলনের শেষ পর্যন্ত অবস্থান করেন।
দুপুর ২ টা পর্যন্ত শাহবাগে অবস্থানের পর আন্দোলনকারীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে অপরাজেয় বাংলার সামনে আসেন। ডাকসু ভিপি নুরুল হক নূর এই সময় আন্দোলনকারীদের সাথে যোগদেন। তিনি বলেন এর আগেও আমরা অধিভূক্তি বাতিলের আন্দোলন করেছি। তখন আন্দোলনের আহ্বায়ক মশিউর রহমানকে অনেক নির্যাতনের স্বীকার হতে হয়েছিলো এবং প্রশাসনের কাছে তাকে মুচলেকা দিতে হয়েছিলো। তিনি আরো বলেন ডাকসু এই আন্দোলনের সাথে আছে। তিনি আন্দোলনকারীদের সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে অটল থাকার জন্য আহ্বান জানান।
আন্দোলনের মুখপাত্র মোঃ শাকিল মিয়া বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এরপর, আগামী রবিবার (২১ জুলাই) সকাল ১১ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি এবং সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষনা দেন।