২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১১৬ মেডিকেল টিম

আপডেট: জুলাই ২০, ২০১৯

  • Facebook Share
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১১৬ মেডিকেল টিম

স্টাফ রিপোর্টারঃ

খুলনার ৯ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ১১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলার প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করছে।
অপরদিকে, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন অভিযান চলছে। শুক্রবার থেকে গণসচেতনতার লক্ষ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ডে মাইকিং শুরু হয়েছে।
এ বছরের বর্ষা মৌসুমের শুরুতেই উপকূলবর্তী জেলা খুলনায় ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ সম্পর্কে আগাম সতর্কতা এবং এডিস মশা নির্মূলে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর গত মাসে সিভিল সার্জন কার্যালয়ে চিঠি পাঠায়। জেলায় ডেঙ্গু প্রতিরোধে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জয়ন্ত নাথ চক্রবর্তী ও পরিসংখ্যান সহকারী মোঃ আরিফুজ্জামানের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। জেলায় ১১৬টি মেডিকেল টিম গঠন করা হয়। প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ আতিয়ার রহমান শেখ এ প্রতিবেদককে জানান, এ পর্যন্ত খুমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতাল-এ ১৩ জন চিকিৎসা নিয়েছেন। উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী সনাক্ত করা সম্ভব হয়নি। আউটডোর ও মাঠ পর্যায়ের কর্মীদের দিয়ে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা চলছে।
কেসিসি’র প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে এক হাজার করে লিফলেট পৌঁছানো হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশক নিধনের কার্যক্রম চলছে। শুক্রবার থেকে প্রতিটি ওয়ার্ডে মাইকিং শুরু হয়েছে।