আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

আপডেট:

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের যে চিত্র দেখা গেছে, তাতে দেখা যায় পিচ উঠে যাওয়া রাস্তায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলোকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।
আরও উদ্বেগের বিষয় হলো, কোটি কোটি টাকা ব্যয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কটি সংস্কারের বছর শেষ না হতেই যে অবস্থা তৈরি হয়েছে, তাতে এ ধারণা অমূলক নয় যে সেখানে সংস্কারের নামে অর্থ লুটপাট হয়েছে। না হলে বছর শেষ না হতেই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে কেন? যেনতেন প্রকারে সড়কের সংস্কারকাজের অভিযোগ নতুন নয়। সংস্কারকাজ শেষ করার এক বছর না যেতেই পৌরসভার ভিড়াল্লা থেকে ভিংলাবাড়ি পর্যন্ত সড়কের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে বেহাল অবস্থা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় দেবিদ্বার থানার গেইট হয়ে বানিয়াপাড়া পর্যন্ত অন্তত এক কিলোমিটারের মধ্যে প্রায় জায়গায় রাস্তা দেবে গেছে।বিশেষ করে নিউমার্কেট ও বানিয়াপড়া আজগরআলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিটুমিনের রাস্তার এক থেকে দুই ফুটের মতো টানা লম্বা গর্ত।ফলে প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
আসলে এর দায় কে নিবে?। ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো কাজ না করে থাকলে সওজ কী ব্যবস্থা নিয়েছে, তা জানার অধিকার জনগনের আছে। আমরা এ ব্যাপারে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
খুব দ্রুত দেবিদ্বারের বিভিন্ন স্থানের সড়কের বেহাল অবস্থাগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তাতে যাত্রীসাধারনের ভোগান্তি কিছুটা হলেও কমবে।