আপডেট: মার্চ ৫, ২০২০

আপডেট:

স্টাফ রিপোর্টারঃসাদ্দাম হোসেন মুন্না/
নারায়ণগঞ্জে মানুষ ও পুলিশের মধ্যে কোন ভেদাবেদ থাকবেনা আমরা এক হয়ে কাজ করবো বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি আরো বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূল করতে অভিভাবকদের আরো সচেতনহতে হবে। বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার আয়োজনে সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ডে শহরের উকিলপাড়া এলাকায় ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। পুলিশ সুপার জায়েদুল আলম মাদকের নেতিবাচক দিক তুলে ধরে সন্তানদের প্রতি খেয়াল রাখতে অভিভাবকদের তাগিদ দেন। সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে এই বিষয়গুলো তদারকি করা সবচেয়ে জরুুরি বলে তিনি মনে করেন। পুলিশের পাশাপাশি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান তিনি। এসময় এলাকাবাসীর মধ্য থেকে অনেকেই নিজ পাড়া মহল্লার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তাদেরকে সব ধরণের আইনি সহায়তা প্রদানের আশ^াস দেন। এর পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে জানতে প্রতি মাসের ৫ তারিখ পুলিশের পক্ষ থেকে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে ওপেন হাউস ডে’র আয়োজন করার কথাও জানান তিনি। সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ডা: শাহনেওয়াজ চেীধুরী, সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল, মহানগর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান। #